একুশে পদকপ্রাপ্ত কবি, গবেষক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি হৃদরোগে ভুগছিলেন আল মুজাহিদী। এর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতাসহ মাল্টি অর্গান ফেইলিউর নিয়ে ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাসায় ফেরার পর প্রায় দুই সপ্তাহ কিছুটা সুস্থ ছিলেন তিনি। পরে আবার শারীরিক সমস্যা দেখা দিলে ৪ জুন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন বাসায় নেওয়ার পরদিন আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
আল মুজাহিদী দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
কবিতা, উপন্যাস, অনুবাদ, শিশুসাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ ছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’ ও ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’। এ ছাড়া ‘প্রথম প্রেম’, ‘চাঁদ ও চিরকুট’ এবং ‘প্রপঞ্চের পাখি’ তাঁর উল্লেখযোগ্য গদ্যসাহিত্যের মধ্যে পরিচিত।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার ও বাসাসপ কাব্যরত্ন পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।











