চট্টগ্রামে ‘উম্মাহর জাগরণে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পায়ামে ইনসানিয়াত বাংলাদেশের তত্ত্বাবধানে এবং দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের আয়োজনে সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ইস্পাহানি মোড়ের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী ইনসাফকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কনফারেন্স বাস্তবায়ন পরিষদের সদস্য ও পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিমুদ্দীন মাহদী জানিয়েছেন, কনফারেন্সের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আলিম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্য এবং শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
কনফারেন্সে আরও উপস্থিত থাকবেন পটিয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি শামসুদ্দিন জিয়া, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতি খলীল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসেন অদুদী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, দারুল মাআরিফ মাদরাসার মুহতামিম মাওলানা ফোরকানুল্লাহ খলীল, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী এবং জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফোরকান উদ্দিন, চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. রশীদ জাহেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মসিহুল্লাহ এবং ডা. ইবরাহীম চৌধুরী।
কনফারেন্সে আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, তরুণ সমাজসহ সর্বস্তরের সচেতন মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কনফারেন্স বাস্তবায়ন পরিষদের অন্যতম দায়িত্বশীল মাওলানা মীর ইদ্রিস ও মুফতি হারুন ইযহার।










