ইরানের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন এলইউকাস ড্রোন ভূপাতিত করেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি ইরানের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে। তবে ঠিক কোন এলাকায় এটি ভূপাতিত হয়েছে বা ঘটনার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ক্ষতিগ্রস্ত বলে দাবি করা একটি ড্রোনের ছবিও প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এলইউকাস (LUCAS) একটি স্বল্পমূল্যের চালকবিহীন আক্রমণাত্মক ‘কামিকাজে’ ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেও ধ্বংস হয়। ইরানের দাবি, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র এই ধরনের ড্রোন ব্যবহার করে আসছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা।










