মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না।
বুধবার (১৮ আগস্ট) এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
গত ১৫ আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালেবান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশত্যাগ করেছেন। তালেবান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি।











