বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুহাম্মাদ তাউসিফ ও গাজী আমজাদ এবং উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম। আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান। আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান। আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহমেদ। আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান। কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবিসংবলিত পোস্টার, সংবাদ কার্ড শেয়ার করে কেউ শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁর মাগফিরাত কামনা করে দু’আ করার আহ্বান জানান।










