পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে জুমার নামাজের সময় মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উপাসনালয়ে হামলা কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না এবং তা নিন্দনীয়।
বিবৃতিতে হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোহাটে পুলিশ কমপ্লেক্সে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে এই হামলা হয়। প্রাথমিক খবরে অন্তত ১৬ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
আল জাজিরা জানিয়েছে, ইত্তেহাদুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে। সংবাদমাধ্যমটি গোষ্ঠীটিকে টিটিপির একটি উপদল হিসেবে বর্ণনা করেছে।
তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এক বিবৃতিতে এই হামলায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
সূত্র : আরিয়ানা নিউজ, আল জাজিরা ও রয়টার্স।











