spot_img
spot_img

২০২৮ সালে শেষবারের মতো নির্বাচনে লড়বেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তার প্রধান উপদেষ্টা মেহমেত উচুম। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তুরস্কের প্রেস ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মেহমেত উচুম বলেন, ২০২৮ সালের ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ওই নির্বাচনে এরদোগান শেষবারের মতো প্রার্থী হবেন। তবে নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি জানান, পার্লামেন্টের অন্তত ৩৬০ সদস্য আগাম নির্বাচনের পক্ষে ভোট দিলে ১৬ এপ্রিল নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে। দিনটি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৭ সালের এই দিনেই তুরস্কে প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থা চালুর বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

তুরস্কের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন। তবে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে, প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে পার্লামেন্ট আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি আরও একবার প্রার্থী হওয়ার সুযোগ পান।

৬০০ আসনের তুর্কি পার্লামেন্টে এ সিদ্ধান্ত নিতে অন্তত ৩৬০ সদস্যের সমর্থন প্রয়োজন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও তার মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির সম্মিলিত আসন প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কম। ফলে আগাম নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে অন্য দলের সংসদ সদস্যদের সমর্থনও প্রয়োজন হবে।

এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, ২০২৮ সালে এরদোগানকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এরদোগান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ ও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়লাভ করেন তিনি।

সূত্র : ডেইলি সাবাহ, ইউরোনিউজ ও তুর্কিশ মিনিট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ