spot_img

কুমিল্লার ঘটনার মূল হোতাকে শিগগিরই ধরে ফেলবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার মণ্ডপে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, যে ঘটনার কারণে এতকিছু, তাকে আমরা শিগগিরই ধরে ফেলবো। তিনি বারবার স্থান পরিবর্তন করছেন, তাই ধরা পড়ছেন না। তবে দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। কেন তিনি এই কাজ করলেন, আমরা তা জানবো, আপনাদেরও জানাবো।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারে পূজামণ্ডপে হামলা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় চাঁদপুরে হিন্দুদের উপসানালয়ে হামলা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার করতেও বাধ্য হয়েছে। পাঁচ জন মারা গেছে। কেন এই হামলা?

তিনি বলেন, উপমহাদেশ তথা পৃথিবীর অনেক দেশ অনেক কিছু করে, আমরা কিছু করি না। আমাদের অসাম্প্রদায়িকতার দেশ, আজকে সেই পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার করা হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শিগগিরই খুঁজে বের করা হবে। তারা কেন এসব করছে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ