প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ‘সাম্প্রদায়িক’ কর্মচারীদের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার কারণে রংপুরের পীরগঞ্জসহ দেশের ৫০টি স্থানে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর কসবা মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।
ইনু বলেন, সারাদেশে ৩২ হাজার পূজামণ্ডপে আমরা হামলা ঠেকাতে পারলাম। কিন্তু ৫০ জায়গায় হামলা ও তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন? যারা হামলা করেছে তারা তো দোষী।
কিন্তু আমার একটা প্রশ্ন, হামলা ঠেকাতে প্রশাসন ব্যর্থ হলো কেন? আমার পরিষ্কার প্রশ্ন- প্রশাসন কি ব্যর্থ হয়েছে নাকি গাফিলতি আছে? এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা বন্ধ করা যদি না যায় সেই সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এ ধরনের হামলার আবার পুনরাবৃত্তি ঘটবে।












