সরকার ও বিরোধী দল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে উল্লেখ করে বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ উন্মুক্ত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, এমনটি করা হলে তা দেশের জন্য ভালো পরিণতি বয়ে আনবে না এবং জুলাইয়ের শহীদ ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন। কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন, তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণতি বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গেও গাদ্দারি করা হবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেমন দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বিরোধী দলের নেতাসহ তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা আজকে দাওয়াতে আসলেন না, ঠিক আছে। সরকারের এই মঞ্চে বসার দরকার ছিল না। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা জুলাইকে ধারণ করেন, আপনারা তো এসে জুলাই শহীদদের মানুষগুলোর সঙ্গেও বসতে পারতেন। কোথায়, আমরা তো আজকে আপনাদের দেখছি না।
তারেক রহমান বলেন, এই মঞ্চে বসার দরকার নেই। ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব। যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধী দলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধী দলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদের দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, আজকে যদি আপনারা এই মানুষগুলোর মাঝেও এসে বসতেন, আমরা তাহলে বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন, যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।
প্রধানমন্ত্রী বলেন, খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।
তিনি আরও বলেন, জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধী দলে বসেছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধী দল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না, এটি বোধহয় দোষারোপ করা বা দোষারোপের যে রাজনীতি, এটি থেকে বোধহয় আমাদের এখন বের হয়ে আসা উচিত।











