জামায়াতে ইসলামী শেখ হাসিনার সঙ্গে থাকতে সবচেয়ে বেশি ভালোবাসে। ক্ষমতার জন্য বিএনপির সঙ্গেও থাকলেও তাদের মনের মধ্যে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও বিপরীত কাজ করেছে। বিএনপি কোনো দিন বলেনি আওয়ামী লীগকে মাফ করে দেবে। যারা বিএনপিকে বলছে ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল।
তিনি বলেন, জামায়াতের গণতান্ত্রিক চেতনা আছে কি না, তা জানা নেই। জনগণ এখনো তাদের সন্দেহের চোখে দেখে।
সভায় বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।











