ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যজুড়ে শত্রুপক্ষের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোয় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা নাকদি।
রোববার (১৮ অক্টোবর) উত্তরাঞ্চলীয় শহর সারিতে ‘স্যাক্রিফাইস ফর ইরান’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুর মোকাবিলায় ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সক্ষম বলেও জানান তিনি।
নাকদি বলেন, আমরা আমাদের ‘ক্ষেপণাস্ত্রের জনক’কে প্রস্তুত করে রেখেছি। শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের আক্রমণ ব্যর্থ হতে বাধ্য এবং তাদের পালানোর কোনো পথ থাকবে না।
তিনি দাবি করেন, ইরানের জনগণের প্রতিরোধ ও প্রস্তুতি শত্রুপক্ষের স্থল অভিযান ঠেকাতে এবং তাদের নৌযান পিছু হটতে বাধ্য করতে ভূমিকা রেখেছে।
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ওয়াশিংটনের পরাজয়ের স্বীকারোক্তি বলেও মন্তব্য করেন নাকদি। তাঁর দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানে নিক্ষেপ করা ১৪ টন ওজনের কয়েকটি বোমা বিস্ফোরিত হয়নি। পরে সেগুলো ইরানি বাহিনীর হাতে আসে বলেও দাবি করেন তিনি।
এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় মাদার অব অল বোম্বস ব্যবহারের সম্ভাবনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। নাকদির ফাদার অব ইরানিয়ান মিসাইলস মন্তব্যটি সেই হুমকিরই পাল্টা বার্তা হিসেবে এসেছে।
এদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, সবচেয়ে ভারী বোমার নামের সঙ্গে ‘মাদার’ বা ‘মা’ শব্দ যুক্ত করা বর্বর সভ্যতার পরিচয়। ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব বক্তব্য সামনে এলো।
সূত্র: প্রেস টিভি, আল-মানার











