spot_img
spot_img

ইশরাককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা হচ্ছে: হাসনাত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হওয়ার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ব্যক্তি ইশরাক হোসেনকে সরিয়ে দিয়ে মূল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহিকে আড়াল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘একজন প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো, সরকারের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া জরুরি। এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।’

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যদি যথাযথ দায়িত্ব পালন করত, তাহলে একজন প্রতিমন্ত্রীকে মাঠে নামতে হতো না। এই পরিস্থিতির দায় কেবল ইশরাক হোসেনের একার নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায়।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলে বলেন, ‘একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াই যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?’

রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘একই ধরনের প্রশ্ন দেখা যায় যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে টয়লেট পরিদর্শন করতে হয়। রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে কেন সেখানে যেতে হবে?’

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ঢাকতে ব্যক্তিকে বলির পাঁঠা বানিয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ভবিষ্যতে এসব ব্যর্থতার কারণে জনগণ রাস্তায় নেমে এলে তখন সরকার কাকে পদত্যাগ করিয়ে দায় এড়াবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ