একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে অবশ্যই দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা আমাদের মূল নৈতিক ভিত্তি থেকে অনেক দূরে সরে যাচ্ছি, যা গভীরভাবে ভেবে দেখার বিষয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধের (ইথিক্যাল ভ্যালুজ) ভিত্তিতে গড়ে তুলতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। বর্তমানে চীনের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনে যোগ দিতে দেশটিতে অবস্থান করছেন মন্ত্রী।
চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ছয়টি অগ্রাধিকারভিত্তিক উদ্যোগে কৌশলগত শিক্ষাগত সমন্বয় করা হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষা ও জ্ঞানের বৈশ্বিক সমন্বয় এবং আন্তর্জাতিক শিক্ষাগত নেতৃত্বের বিকাশের লক্ষ্যে গত শনিবার সম্মেলনটি শুরু হয়। এতে বাংলাদেশ, আমেরিকা, বৃটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও পাকিস্তানসহ প্রায় ১৫টি দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন।











