গনতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি আলাদা করে দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপল্স পার্টি-এনপিপি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে, আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেনি। দীর্ঘ নয় বছর জনগনকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিল। তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য।
ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ এবং অহংকার এবং দাম্ভিকতা কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছিল। কারণ তারা জানে যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকে তাহলে জনগনকে সঙ্গে করে গনতন্ত্র পূর্নুদ্ধার করতেন।










