spot_img
spot_img

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

উচ্চ জন্মহার ও তুলনামূলক তরুণ জনসংখ্যার কারণে আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জনমিতিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২০২ কোটি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ মুসলিমদের সংখ্যা বেড়ে ২৫৭ কোটি হবে। অন্যদিকে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াবে ২৫২ কোটিতে। ফলে ওই সময় মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে।

পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট বলেন, মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার প্রধান কারণ জন্মহার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের তুলনায় জন্মহারের প্রভাব অনেক বেশি।

পিউয়ের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। অথচ একটি প্রজন্মের জনসংখ্যা ধরে রাখতে গড়ে ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।

পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে। অন্যদিকে খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে থাকবে। ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবে মুসলিম।

এসব পূর্বাভাস পিউ রিসার্চ সেন্টারের ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর আকার ও বিস্তারের পরিবর্তন নিয়ে পরিচালিত বৃহত্তর গবেষণার অংশ। এতে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মীয় পরিচয় নেই এমন জনগোষ্ঠীর ভবিষ্যৎ জনসংখ্যা বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন তৈরিতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বয়সভিত্তিক কাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্মান্তরের প্রবণতা এবং অভিবাসনের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে সংস্থাটি। ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে।

প্রতিবেশী কানাডাতেও ২০৩০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। উভয় দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধিকে এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। একই সময়ে কানাডায় ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে।

পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে। একই সময়ে খ্রিস্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কমবে। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মোট সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যায় তাদের অনুপাত উভয়ই কমে আসবে। চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশে সামগ্রিক জনসংখ্যা কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে। এ অঞ্চলে উচ্চ জন্মহার ও মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে।

অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রধান অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম হবে। কোনো কোনো অঞ্চলে জনসংখ্যা কমেও যেতে পারে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যা ১৭ শতাংশ কমে যেতে পারে। একই সময়ে সেখানে খ্রিস্টানদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে ৫০ কোটি ৫০ লাখ থেকে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। তবে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে।

যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাও কমবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। ২০২০ সালে দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৭০ লাখ। ২০৭০ সাল নাগাদ তা কমে প্রায় ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে।

পিউয়ের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীরা অন্য যেকোনো ধর্মীয় গোষ্ঠীর নারীদের তুলনায় বেশি সন্তান জন্ম দিয়েছেন। এ পাঁচ বছরে বিশ্বজুড়ে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। খ্রিস্টান মায়েদের ক্ষেত্রে এ সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ।

আগামী কয়েক দশকে মুসলিমদের ক্ষেত্রেই কেবল জন্মের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে জন্মের সংখ্যা স্থিতিশীল থাকতে পারে অথবা ধীরে ধীরে কমতে পারে।

দেশভিত্তিক পূর্বাভাসে পিউ জানিয়েছে, ২০৭০ সাল নাগাদ পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হবে। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন ইন্দোনেশিয়ায়।

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক ও ধর্মীয় জনমিতি বিশেষজ্ঞ জিনা জুরলো বলেন, বর্তমান পরিবর্তনশীল প্রবণতার প্রেক্ষাপটে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ইমেইলে তিনি বলেন, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনো ‘সভ্যতার সংঘাত’ তত্ত্বটি প্রবলভাবে বিদ্যমান। উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। অনেক খ্রিস্টানই ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে, এ বিষয়টি মেনে নিতে পারছেন না। এতে তাঁদের মধ্যে আরও উদ্বেগ তৈরি হচ্ছে।

জিনা জুরলো আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও যোগাযোগের সুযোগ বাড়ানো প্রয়োজন। ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলে ভিন্ন ধর্মের মানুষকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ তৈরি হয়।

পিউ রিসার্চ সেন্টারের ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যান বলেন, মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসের বড় অংশই এমন দেশগুলোতে ঘটছে, যেখানে সংশ্লিষ্ট ধর্মের অনুসারীরা আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। ফলে এ ক্ষেত্রে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য।

এপি নিউজকে তিনি বলেন, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের অস্তিত্বের জন্য কোনো হুমকি বা তাঁদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে তিনি মনে করেন না। তবে এ তথ্যকে ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা বয়ান তৈরি করে বিষয়টিকে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার সংঘাত হিসেবে উপস্থাপনের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ