নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মধ্যে ন্যূনতম ঐক্য ও সমন্বয় থাকা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা সানাউল্লাহ খান বলেন, আওয়ামী লীগ যদি কোনোভাবে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায় কিংবা ক্ষমতার অংশীদার হতে পারে, তাহলে অতীতের মতো আবারও জামায়াতের নেতাকর্মীদের ওপর হেফাজতের পরিচয়ে এবং হেফাজতের নেতাকর্মীদের ওপর জামায়াতের পরিচয়ে নির্যাতন চালাবে।
তিনি বলেন, তাদের কিবলা দিল্লির চোখে যাহাই জামায়াত, তাহাই হেফাজত। তাই নিজেদের অস্তিত্ব, রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জামায়াত ও হেফাজতের মধ্যে ন্যূনতম ঐক্য ও সমন্বয় থাকা জরুরি।
তিনি আরও বলেন, সাধারণ জনগণ এবং ফ্যাসিবাদী শক্তিকে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন যে, জামায়াত ও হেফাজতের মধ্যে মতাদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। অনেক বিষয়ে দ্বিমতও থাকতে পারে। কিন্তু সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।











