বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে বিএনপি।
সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা যখন রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন তখন কিছু হয় না, আর বিএনপি কথা বললেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ১৯৯৬ এবং ২০০১ সালে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা দেনদরবার করেন। আপনাদের কারণে দেশে ১/১১ এসেছিল। কিন্তু আমরা বিদেশি কূটনৈতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছি।
তিনি আরও বলেন, তারা বলছেন-বিএনপি নাকি টাকা দিয়ে ভাড়াটিয়া নিয়োগ করে দেশের বদনাম করছে। আমরা দেশের সত্য ঘটনা পুরো বিশ্বের সামনে তুলে ধরেছি। যে কারণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিএনপি অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, বাংলাদেশ একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই।










