পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, তথ্যপ্রযুক্তির উন্নতির সাথে সাথে অপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে। সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, মানবপাচার ও পরিবেশ সংকটসহ নিত্য নতুন যে চ্যালেঞ্জ আসছে সে সকল মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট সক্ষম।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, এক সময় দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। একযোগে ৬৪ জেলায় হামলা চালিয়ে, মানুষকে আহত-নিহত করে উন্মত্ত নেশায় মেতে উঠেছিল। সে অবস্থা থেকে দেশকে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা।
আইজিপি আরও বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির মাধ্যমে আমরা সকলে মিলে এ দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য কাজ করছি।











