স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগাম তথ্য না থাকলে পুলিশ কারও ব্যক্তিগত মোবাইল চেক করে না।
সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও ব্যাপারে আগে থেকে তথ্য থাকলেই কেবল মোবাইল চেক করা হয়। এছাড়া এমন কিছু ঘটে না।
ক্ষমতায় গেলে গুম ও হত্যার বিচার করা হবে–বিএনপির এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমরাও পদক্ষেপ নিচ্ছি। ওই সময় (বিএনপির শাসনামল) হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। বিচারহীনভাবে হত্যা করা হয়েছিল, তাদেরও একটি তালিকা আমরা করছি।
তিনি আরও বলেন, এখন এটি একটি গণদাবিতে পরিণত হয়েছে। তখন কীভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সবকিছু তদন্ত করে (বিচারের) ব্যবস্থা করা হবে।










