রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৫টার দিকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে চারজন দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে নাদিরা আক্তার পপি (৩২) ও তার তিন বছরের ছেলে ইয়াছিনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা পুরুষ। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেন খিলক্ষেতে আসলে যাত্রীরা আগুন দেখতে পান। এরপর চালক ট্রেনটি তেজগাঁওয়ে থামান। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।











