spot_img
spot_img

মসজিদে নামাজের বিষয়ে নতুন কোনো নির্দেশনা নেই: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যে মসজিদে নামাজ পড়ার বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান।

তিনি বলেন, এর আগে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা এখনো বলবৎ আছে। আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ার জন্য।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আগে বলা হয়েছিল ২০ জন মসজিদে নামাজ পড়তে পারবে। এমন একটা নিয়ম চালু করা হয়েছিল। আমরা বুঝতে পেরেছি, সেটা ঠিক নয়। বায়তুল মোকাররমে ৩৫ হাজার মানুষ নামাজ পড়তে পারে। সেখানে যদি ১০ হাজার মানুষ নামাজ পড়ে তবে তো আইনের ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। হয়তো ছোট ছোট মসজিদগুলোকে যেখানে ৪০/৫০ জন নামাজ পড়তে পারে, সেটা লক্ষ্য করে ওই নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, আমরা যেসব নির্দেশনা দিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে- ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করুন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ কাজের তদারকি ও সংশ্লিষ্ট কাজের ভূমির জটিলতা নিরসনে বিশেষভাবে সচেষ্ট হওয়ার জন্য বলা হয়েছে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র পরিচালনা করতে হবে।

হজ পালন করতে গেলে সৌদি আরবকে অর্থ দিতে হয়। বাংলাদেশে দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমা হয়। সেখানেও দেশ-বিদেশ থেকে আসা মানুষের কাছ থেকে কোনো চার্জ আরোপের চিন্তা সরকারের আছে কি না- এমন প্রশ্নের জবাবে চাইলে ফরিদুল হক খান বলেন, এমন কোনো পরিকল্পনা হাতে নেই। সারা বিশ্ববাসী যখন বিশ্ব ইজতেমায় আসে, আল্লাহতা’লা ইজতেমাকে কবুল করে নিয়েছেন। কোনো অর্থ আরোপ করা সমীচীন হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি এটা এদেশের জন্য আল্লাহর বরকত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ