বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। তারা আরো দুঃসময়ের ভয় পাচ্ছে। সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবারো গ্যাসের দাম বাড়িয়েছে। শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এর যোগান তো গরিব মানুষকেই দিতে হবে। অর্থাৎ জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দেশে আজ একটি অনির্বাচিত সরকার; যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। একদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে গেছে। অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হয়েছে। শিশুরাও দরিদ্র হয়েছেন।
তিনি বলেন, আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে।
তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে দেন। বিএনপি ঠিকই বের করবে কারা ব্যাংক লুট করে তাদের নাম প্রকাশ করা হবে। যারা এর পেছনে জড়িত তাদেরকে সামনে আনা হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। অনেক মা বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে। আজকে দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।










