মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (সোমবার) দেশের সব মসজিদে বিশেষ দুআ ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সারাদেশের সব মসজিদে বিশেষ দুআ ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কুরআনখানি, দুআ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।










