কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান বিষয়ক একটি বৈঠকে অংশগ্রহণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে। তবে এ বৈঠকে প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি জাতিসংঘের পক্ষ থেকে। এমনকি বৈঠকের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি। তাই এমন নিরর্থক বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত থেকেছে আফগানিস্তান।
তিনি জোর দিয়ে বলেন, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘকে স্পষ্ট করা বলা হয়েছে, আফগান প্রতিনিধিদের সাথে যদি জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও তাদের সাথে বিস্তারিত সকল বিষয়ে আলোচনার সুবিধা থাকে তাহলেই এই বৈঠকটি উপকারী হবে। অন্যথায় এই বৈঠকে অংশ নেওয়া একটি অনর্থক কাজ।
জালালীর মতে, জাতিসংঘের এমন আমন্ত্রণের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে, আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে কেউ উপেক্ষা করতে পারে না।
দোহার বৈঠকের বিষয়ে তিনি আরো বলেন, এটিই প্রথম বা শেষ বৈঠক নয়। ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বর্তমান অবস্থান জাতিসংঘ ও বিশ্ববাসীর কাছে সম্পূর্ন স্পষ্ট। আর তাই পরবর্তীতে এ বিষয়ের প্রতি নজর দেওয়া যাবে।
সূত্র: আফগান ভয়েস এজেন্সি











