spot_img
spot_img

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল : ছাত্রশিবির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, “নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল, তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থধারার রাজনীতির পরিপন্থি। তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্ররাজনীতির পথে অন্তরায়।”

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার বিষয় উল্লেখ করে নেতারা বলেন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদলসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট-সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ নির্দেশনা প্রদান করে। তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের এমন উদ্দেশ্যপ্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই।”

ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ