ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একসঙ্গে ২০টির মতো ঘুমের ট্যাবলেট সেবন করেন মেঘমল্লার বসু। পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইউসিইউ সিট খালি না থাকায় পরবর্তীতে তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জুবেল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।











