রাতে কিশোররা অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে প্রশাসন যেন তাদের জিজ্ঞাসাবাদ করে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের মেয়ে, বোন ও মায়েদের নিরাপত্তার জন্য কিশোর গ্যাং একদম জিরো টলারেন্স হতে হবে। রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারারাত কিশোররা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন ঘুরছে জিজ্ঞাসা করলে তারা ‘মব’ অ্যাটাক করে।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাতে রাস্তায় কিশোরদের দেখলেই যেন জিজ্ঞাসাবাদ করা হয়, কী কারণে ঘোরাফেরা করছে।
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় গেলে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মিলন বলেন, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে শিক্ষাঙ্গণ। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশের যাত্রা শুরু হবে এই কচুয়া থেকে।











