আসন্ন ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুম উপলক্ষে ভিসা ইস্যু ও যাত্রী ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা প্রদান শুরু হবে।
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা পবিত্র মক্কায় প্রবেশ করতে পারবেন এবং ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করবেন।
মন্ত্রণালয় জানায়, ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ পর্যন্ত। অন্যদিকে, যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ সময়সীমা ২৩ মার্চ ২০২৭।
এছাড়া, ৭ এপ্রিল ২০২৭ তারিখের মধ্যে সকল ওমরাহ যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওমরাহ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক এজেন্টদের নির্ধারিত নীতিমালা ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে যাত্রীদের জন্য সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।











