ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা করায় বহিষ্কার করা হয়েছে বরিশালে প্রার্থীসহ ১৯ আওয়ামী লীগ নেতাকে সাময়িক।
শনিবার (১৯ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
জেলা আওয়ামী লীগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশালের হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়েছেন এমন ১৯ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, সদস্য মজিবুর রহমান শরীফ, ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজেম আলী হাওলাদার, সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (ইতালী শহিদ), বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাছের আহম্মেদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং বিদ্রোহী প্রার্থীকে সমর্থনকারী বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ. রব বেপারী।
ইত্তেফাক/এমএএম











