spot_img
spot_img

জামায়াতের লোকজনকে আওয়ামী লীগ বানিয়ে মামলা দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার

বাড়ি থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধরে এনে আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমাদের কাছে খবর এসেছে, জামায়াতে ইসলামীর লোকরা বাড়িতে শুয়ে আছে, সেখান থেকে তাদের ধরে এনে আওয়ামী লীগ বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির স্থানীয় নেতারা থানায় নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করাচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ মিছিলের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নেতাকর্মীদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করত, বর্তমানে বিএনপিও ১১ দলের নেতাকর্মীদের একই ধরনের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে কায়দায় জামায়াতকে জঙ্গি ট্যাগ লাগাত, বিএনপি এখন ১১ দলের লোকদের জঙ্গির ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ বানিয়ে গ্রেপ্তার শুরু করেছে।

কেরানীগঞ্জের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আমাদের ঢাকার কেরানীগঞ্জ থানায়, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পারছি, বাড়ি থেকে লোক ধরে এনে আওয়ামী লীগের মিছিলের নামে চালিয়ে দিয়ে তাদের এখন থানায় মামলা দিচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রধানমন্ত্রীকে বলব, এ সমস্ত করে পার পাবেন না। আপনি সর্বনাশা এ পথ থেকে ফিরে আসুন।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার, জুলুম ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন বাদ দিয়ে জনগণের ওপর দায় না চাপিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। সন্ত্রাস থামান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ