মাছঘাট, বাসস্ট্যান্ড, বাজারঘাট দখলের সঙ্গে আমি বা নতুন মেয়রের কোনো সম্পৃক্ততা নেই বলে এমন মন্তব্য করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে শহরের একটি কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মানুষ আমাকে দেবতা বলে। বাংলাদেশের অনেক এলাকায় আমি গিয়েছি। তাদের আমি সাধ্যমতো সহায়তা করেছি। আমি নিজ সংসদীয় এলাকা থেকে মন্ত্রণালয়ে বেশি সময় দিয়েছি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল নগরীর মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। আমি আপনাদের বলেছিলাম খোকন সেরনিয়াবাত নির্বাচিত হওয়ায় বরিশালের সড়ক সংস্কারের কাজ করব। তবে কিছু বাধ্যবাধকতার কারণে সেটা সম্ভব না হলেও যথাসাধ্য চেষ্টা করব।
জাহিদ ফারুক শামীম বলেন, বরিশালটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। ভেনিস রূপের বরিশাল ভ্যানিস হয়ে গিয়েছে। আমাদের বরিশালকে নতুন মেয়রকে নিয়ে ফিরিয়ে আনব। নগরীর সাতটি খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনব। যাতে সামনের বছর থেকে বরিশালে জলাবদ্ধতা না হয়।
প্রতিমন্ত্রী বলেন, মাছঘাট, বাসস্ট্যান্ড, বাজারঘাট দখলের সঙ্গে আমি বা নতুন মেয়রের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের অনুসারী পরিচয়ে এসব করার সুযোগ নেই। আমরা এগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু করব।











