spot_img

চীন থেকে আফগানিস্তানে সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

চীন থেকে ইরান হয়ে আফগানিস্তান রুটে প্রথম সরাসরি ট্রানজিট ট্রেন চালু হয়েছে। ট্রেনটি ইরানের রেল নেটওয়ার্ক ব্যবহার করে চীন থেকে আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পণ্যচালান পরিবহন করেছে।

রোববার (১৯ জুলাই) ইরানের সংবাদ সংস্থা ইলনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি বলেন, পথে কোথাও পণ্য নামানো ও পুনরায় বোঝাই না করে চীন থেকে সরাসরি আফগানিস্তানে পণ্য পরিবহনের ঘটনা এটিই প্রথম।

তিনি বলেন, ৫০০ টন এমডিএফ বোর্ডের চালানটি বেইজিংয়ে ট্রেনে বোঝাই করা হয়। এরপর ট্রেনটি তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের রেল নেটওয়ার্কে প্রবেশ করে। পরে খাফ-হেরাত রেলপথ দিয়ে চালানটি হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পরিবহন করা হয়।

রেজায়ি বলেন, ইরানের মধ্য দিয়ে বেইজিং ও হেরাতকে সংযুক্তকারী এটিই প্রথম সরাসরি রেল ট্রানজিট সেবা। আগের বাণিজ্যিক রুটগুলোর তুলনায় এই রুটে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

তিনি বলেন, ট্রেনটি চালুর মধ্য দিয়ে খাফ-হেরাত রেল করিডোর বাণিজ্যিক ও ট্রানজিট কার্যক্রমের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই রুটে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে চীন, মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তানকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে করিডোরটির ভূমিকা আরও শক্তিশালী হতে পারে।

রেজায়ি আরও বলেন, করিডোরটি সম্প্রসারণ করা হলে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার হতে পারে। একই সঙ্গে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় কমতে পারে এবং আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ