আমেরিকায় নিজেদের ভাবমূর্তি উন্নত করা এবং জনমত প্রভাবিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইসরাইল। এ প্রচারণায় ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করা হচ্ছে বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
শনিবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত কয়েক মাসে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে আমেরিকার নাগরিকদের কাছে লাখ লাখ এআই-নির্ভর বার্তা পাঠানো হয়েছে।
বার্তাগুলোতে প্রেরক হিসেবে ‘ফ্রেন্ডস ফর পিস’ নামে একটি সংগঠনের পরিচয় দেওয়া হয়। তবে এ নামে নিবন্ধিত কোনো অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব খুঁজে পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, বার্তাগুলোতে প্রাপকদের কাছে বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ‘ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের শান্তি আলোচনা বৈশ্বিক নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?’ এসব বার্তার মাধ্যমে ইসরাইলপন্থী জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই প্রচারণা ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তির অংশ। এর নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল।
এআইভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পারস্কেলের দল ইসরাইলপন্থী বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন কনটেন্টও তৈরি করেছে। এর লক্ষ্য হচ্ছে, চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই প্ল্যাটফর্মে ইসরাইল সম্পর্কে আরও ইতিবাচক উত্তর পাওয়া।
এর আগে গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছিলেন, ২০২৬ সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি উন্নয়ন এবং ‘জনমত গঠন’-এর জন্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমেরিকায় এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে কাজ করতে প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেছেন।
প্রচারণার অংশ হিসেবে রক্ষণশীল সম্প্রচারমাধ্যম সালেম মিডিয়ার মাধ্যমে ৫ লাখ ডলারের বেশি মূল্যের বিজ্ঞাপনও প্রচার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, নির্দিষ্ট কোনো অবস্থান প্রচারের জন্য তারা তাদের উপস্থাপকদের অর্থ দেয়নি।
এদিকে গত বুধবার প্রকাশিত পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স অভিযোগ করেন, ইসরাইল সরকারের কিছু সদস্য ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত রাখতে আমেরিকার জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন।
তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো অনুরোধের কোনো জবাব দেয়নি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আরটি










