জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শুধু বিএনপিই নয়; জামায়াত-হেফাজত তালেবানি চক্র। এ দুই চক্রের মিলনে দেশে তালেবানি শাসন কায়েম ও অস্বাভাবিক একটি সরকার তৈরির পাঁয়তারা চলছে, যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণের যাপিত জীবনকে পুঁজি করে তারা ঘোলা পানিতে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত।
শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সংবিধান বিচারবহির্ভূত হত্যা স্বীকার করে না। জাতিসংঘের প্রতিনিধিদল যে মানবাধিকার রক্ষার কথা বলেছে সরকারও সেই পক্ষে। এসব বিষয় পুঁজি করে যারা সরকার অদলবদলের স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
বরিশাল জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুবের সভাপতিত্বে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাসদ কেন্দ্রীয় সদস্য হাসানুল কবির বাদল, জাসদ জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্য নেতারা।










