spot_img

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চেয়ে দলের সংসদ সদস্যদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকালে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় শুরু হওয়া সভা প্রায় দেড় ঘণ্টা চলে।

সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। কয়েক মিনিটের মধ্যে তিনি কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভাকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্যে মির্জা ফখরুল দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। বিএনপির প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে আমি কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

মির্জা ফখরুল বলেন, দল তাকে অপরিসীম সম্মান ও দায়িত্ব দিয়েছে। তিনি সারা জীবন সেই সম্মান অক্ষুণ্ন রাখবেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

নির্বাচিত হলে সম্ভাব্য বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি তার সহকর্মীদের মিস করবেন। এ সময় তিনি দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সভায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও এতে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হবে।

মির্জা ফখরুলের বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। তিনিও বিএনপির সংসদ সদস্যদের মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচিত হলে মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বুধবারের সংসদীয় দলের সভাটিই একজন সংসদ সদস্য হিসেবে তার এ ধরনের শেষ সভা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ