বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি। জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ও ওয়াদা বাস্তবায়ন করে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। শেখ হাসিনার আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি অবস্থায় রেখে গেছেন। কোথায় ঘরে ঘরে চাকরি? কোথায় বিনামূল্যে সার?’
রিজভী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা এসব কথা বলেছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করেননি। প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস আওয়ামী লীগের নীতি ও সংস্কৃতি ছিল।
তিনি বলেন, ‘বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সংস্কৃতি হলো ওয়াদা রক্ষা করা। সেই কাজ এখন চলছে।’
বিএনপির এই নেতা বলেন, ইতোমধ্যে প্রতিটি পরিবারের নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল মওকুফ করা হয়েছে। সামাজিক উন্নয়নের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মোয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার যে অঙ্গীকার নির্বাচনের আগে তারেক রহমান করেছিলেন, তা এখন বাস্তবায়িত হচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার অনুযায়ী ছয় মাসে প্রায় আড়াই কোটি গাছ লাগানোর কথা থাকলেও ইতোমধ্যে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে। এছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে গত ছয় মাসে ১০ হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে।










