মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ডাকসু-জাকসুর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। আমাদের নেতারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ-কুরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহতাআলা। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশ আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সবার ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান দান করুন। এ দোয়াই করছি।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আমাদের সবার কুরবানি আল্লাহ কবুল করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ