নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ নিতে চার দিনের সফরে আমেরিকা যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান জানান, সাধারণ বিতর্কের উদ্বোধনী দিন মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন এরদোগান। সরকারি সূত্র অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর বক্তব্য দেবেন।
এ বছরের অধিবেশন ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য ফলপ্রসূ একটি জাতিসংঘ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে এরদোগান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া আমেরিকায় বসবাসরত তুর্কি নাগরিকদের প্রতিনিধি, তুর্কি-আমেরিকান ব্যবসায়ী মহল এবং বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে এরদোগান যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বার্ষিক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সমবেত হওয়ার সময় এরদোগানের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান মঞ্চ হলো জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের অধিবেশন।
সূত্র : আনাদোলু এজেন্সি











