spot_img
spot_img

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আইন করে সীমিত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রোমে ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি দলের যুব সংগঠন জিওভেন্তু নাজিওনালের আয়োজিত জাতীয় যুব উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্য দেওয়ার সময় এসব পরিকল্পনার কথা জানান মেলোনি।

তিনি বলেন, ইতালির শ্রেণিকক্ষে এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া যায় না, যেখানে স্থানীয় শিক্ষার্থীরা নিজেদের সংখ্যালঘু মনে করে। তাঁর ভাষায়, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে স্থানীয় শিক্ষার্থীরা যদি নিজেদের কোণঠাসা মনে করে এবং সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘু হয়ে যায়, তা গ্রহণযোগ্য নয়।

স্কুলে ধর্মীয় পোশাকের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মেলোনি। তিনি বলেন, তাঁর সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করবে। এ বিষয়ে শিগগিরই একটি পদক্ষেপ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রেও নতুন শর্ত আরোপের পরিকল্পনার কথা জানান তিনি। যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুলব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যা রয়েছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হতে পারে।

মেলোনি জানান, এ বিষয়ে প্রস্তুত করা পদক্ষেপটি শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স, এএনএসএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ