জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আফগানিস্তান নিয়ে বৈঠক আয়োজন করতে যাচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। নিউইয়র্কে অনুষ্ঠেয় এ বৈঠকে সংস্থাটির আফগানিস্তানবিষয়ক যোগাযোগ গোষ্ঠীর সদস্যরা অংশ নেবেন।
রোববার (২০ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওআইসির সাধারণ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রীপর্যায়ের কয়েকটি যোগাযোগ গোষ্ঠী ও বিশেষায়িত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে আফগানিস্তানবিষয়ক যোগাযোগ গোষ্ঠীর বৈঠকও রয়েছে।
তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ ও আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ফরিদুল্লাহ জাজাই বলেন, ‘আমার মতে, আফগানিস্তানের জন্য এ বৈঠক গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে, আফগানিস্তান ইস্যু এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তবে এ ধরনের বৈঠকের পাশাপাশি বাস্তব পদক্ষেপ গ্রহণ এবং বর্তমান আফগান সরকারের সঙ্গে সমন্বয় বজায় রাখা প্রয়োজন।’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আফগানিস্তানবিষয়ক ওআইসির যোগাযোগ গোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আফগানিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক সহায়তা এবং আফগান কর্তৃপক্ষের সঙ্গে অর্থবহ সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
সূত্র : টোলো নিউজ, ওআইসি











