আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছে। তবে তিনি টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক বিষয়টি নিয়ে একটি জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার পুনর্বহালের পক্ষে মতামত দেন।
তবে ভোটের ব্যবধান ছিল খুব সামান্য। দৈনিক ২৩৭ মিলিয়ন টুইটার ব্যবহারকারীর ১৫ মিলিয়নেরও বেশি টুইটার ব্যবহারকারী ভোট দেন। ৫১.৮ শতাংশ ভোট গেছে ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করার পক্ষে। বিপক্ষে ভোট দিয়েছেন ৪৮.২ শতাংশ।
এদিকে, অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প নিজের এই ইচ্ছার কথা জানান। একই সঙ্গে ওই ভিডিওতে মাস্কের জরিপকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, আমি মাস্কের ভক্ত।











