রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) সকালে এসআরবি-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন, মারধর, চুরি, ভাঙচুর ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৪ এবং জিআর নম্বর ২৬৭।
এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর ও জিআর নম্বর ১৪।
২০২৫ সালের ৫ জুন দায়ের করা আরেক মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ১৬২।
২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৮ এবং জিআর নম্বর ৬৭।
একই বছরের ২ জুন দায়ের করা আরেক মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৫ এবং জিআর নম্বর ১৮৫।
এ ছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি মামলার তথ্যও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়েছিল। মামলাটির জিআর নম্বর ১৪৮।
একই তারিখে দায়ের করা অপর মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায় অভিযোগ রয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ১০৮। মামলাটিতে ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।
গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











