তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
রোববার (১৯ ডিসেম্বর) স্ত্রী ও দুজন সফরসঙ্গীসহ তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর সূত্রে জানা যায়, ভারত সফরের শুরুতে অমর জোয়ান জয়তি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিমানবাহিনীর প্রধান। সফরকালে তিনি ভারতীয় বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা।
এ ছাড়া এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গে শেখ আব্দুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করবেন।










