শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। গ্রাম হচ্ছে শহর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নাটোর অনিমা চৌধুরী মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। এরপর যুদ্ধবিধ্বস্ত এক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা দিতে ১৯৭৫ সালে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয়। সমানে পাল্লা দিয়ে চলে ইতিহাস বিকৃতি।
দীপু মনি আরও বলেন, জিয়াউর রহমান কেমন মুক্তিযোদ্ধা ছিলেন? যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না বলে ইনডেমনিটি বিল পাস করেন জিয়া। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ বন্ধ করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানি দোসর রাজাকারদের পুনর্বাসন করেন তিনি।











