বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা দেখে সরকার ভয় পেয়েছে। দেশকে বাঁচানোর জন্য বিএনপি রূপরেখা দিয়েছে। কিন্তু সরকার ও তাদের সহযোগীরা এতে ভয় পেয়েছে। এ রূপরেখা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা ফিরে আসবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ সময় শামসুজ্জামান দুদু বলেন, সরকারের ভালো না লাগারই কথা। কারণ এ রূপরেখা প্রতিষ্ঠিত হলে দেশে গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা ফিরে আসবে। দুর্নীতিবাজ, হত্যা ও লুণ্ঠনকারীদের বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য আওয়ামী লীগ রাষ্ট্র সংস্কারের ২৭ দফায় ভয় পেয়েছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশ হবে’—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, সে পর্যন্ত বাংলাদেশ থাকবে কি না আমার সন্দেহ হয়। কারণ ১৪ বছরে দেশের যে অবস্থা করেছে, গণতন্ত্র হরণ করেছে, মানুষের বাক-স্বাধীনতা নেই, পুলিশকে বিতর্কিত করা হয়েছে। এছাড়া সরকারি আমলাদেরও বিতর্কিত করা হয়েছে। এমন কোনো সেক্টর নেই যেখানটায় বিতর্কিত করা হয়নি। এমন কোনো পেশা নেই যেটিকে বিতর্কিত করা হয়নি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করে তারা সারাজীবন ক্ষমতায় থাকবে। এটা পাকিস্তানিরাও মনে করেছিল, কিন্তু তারা পরাজিত হয়েছে। এখন যারা মনে করছেন আজীবন ক্ষমতায় থাকবেন, তাদের বলি গণতন্ত্র কখনও পরাজিত হয় না। গণতন্ত্রের কাছে কর্তৃত্ববাদী শাসক সবসময় পরাজিত হয়।










