সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদকের ভয়ঙ্কর আগ্রাসন থেকে প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করে দিতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা লেখনির মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য মন্ত্রী আহ্বান জানান।










