spot_img

বাংলাদেশে যে গণতন্ত্র নেই, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত: ড. খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার আমাদের মিটিং মিছিলে নানাভাবে বাধা দিচ্ছে। আমাদের সীমিতভাবে মিটিং করতে বাধ্য করছে সরকার, যাতে এগুলো জনগণের সামনে প্রকাশিত না হয়। সরকার স্বৈরাচারি আচরণ করছে। কিন্তু সরকারের এই অরাজকতা ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। আমেরিকার গণতান্ত্রিক সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারাবিশ্ব জেনে গেছে এদেশে মানবাধিকার নেই। এটা কোনোভাবেই গৌরবের বিষয় নয়, জাতিগতভাবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়।

শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল এখন পর্যন্ত দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। তার প্রমাণ, ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু যখন আওয়ামী লীগ দেখলো, দিনে যদি জনগণ ভোট দিতে পারে, তাহলে তাদের কোনো পাত্তাই থাকবে না। এজন্য তারা প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করেছে। এটা বাংলাদেশর সবাই জানে। এভাবেই তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে ফেলেছে।

তিনি বলেন, যেদেশে গণতন্ত্র নেই, সেদেশে মানবাধিকার থাকতে পারে না। আজকে মানবাধিকার লঙ্ঘিত। আমরা গুমের হিসেব দিয়েছি, বিচারবহির্ভূত হত্যার হিসাব দিয়েছি। বিএনপির বিরুদ্ধে এক লাখেরও বেশি মামলা, ৩৬ লাখের মতো আসামি। আওয়ামী লীগ মনে করেছে, আমরা নির্যাতন করে মুখ বন্ধ রেখে পার পেয়ে যাচ্ছি। কিন্তু তারা পার পায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ