spot_img

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য নারীদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মেয়র লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য নারীদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনসভায় উল্লেখ্যযোগ্য একটা অংশ নারীরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন করেছেন, সন্তানের নামের পাশে পিতার নামের পাশাপাশি মাতার নাম লেখার সম্মান দিয়েছেন, নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করছেন।

শনিবার (২১ জানুয়ারি) নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ ৫ বছর পর তিনি রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। জনসভাকে সফল করতে যাবতীয় প্রস্তুতি আমরা নিচ্ছি।

তিনি বলেন, নৌকা মানেই বছরে প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়া, নৌকা মানে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘোরা, নৌকা মানে মেট্রোরেলে ঢাকায় ঘোরা, নৌকা মানে পদ্মাসেতুর এপার-ওপার কয়েক মিনিটে পার হওয়া, সেই নৌকা, যে নৌকা মানুষকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, সেই নৌকায় থাকা মানেই মানুষের কল্যাণ। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় মিথ্যাচার করেছে। বিএনপির দ্বারা মানুষের কখনো কোনো কল্যাণ হয়নি। বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই কারণে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তারা। দেশের মানুষের কল্যাণ তাদের সহ্য হয় না। আমাদের নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন যদি তারা সংবিধানকে মেনে এমনি আন্দোলন করে তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলন করতে গিয়ে যদি তারা জানমালের ক্ষতি করে, বাসে আগুন দেয়, মানুষকে রক্তাক্ত করে, তাহলে সেই হাত ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। কোনো রকম অপশক্তিকে বাংলার জনগণ আর দেখতে চায় না। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ