বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে আমরা প্রভাব বিস্তার করতে পারি না। আমাদের দায়িত্ব প্রভাব যতটুকু কম ফেলানো যায়। যেটি আমরা লক্ষ্য করছি তাদের যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে প্রভাবের সম্ভাবনা রয়েছে। আমরা ইউক্রেন থেকে গম আমদানি করতাম, এখন চেষ্টা করা হচ্ছে আমাদের মাঠ থেকে সংগ্রহ করার।
সোমবার (২০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করে। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দাম নিম্নমুখী।
তিনি বলেন, সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ব্যবস্থা নিবে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণেও কাজ করছে প্রশাসন। মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে। কোনো ব্যবসায়ী মজুত করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।










